সংবাদ বিজ্ঞপ্তি | ০৪ জানুয়ারী, ২০২০
আইজিপি পদকে মনোনীত হয়েছেন জাফলং টুরিস্ট পুলিশের ওসি রতন শেখ। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের স্মারক নং- ৪৪.০১.০০০০.০১৯.৫৫.০০২.১৯-৫০(৮৯), ০২/০১/২০২০ ইং তারিখ মূলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সিলেটের গোয়াইনঘাটের জাফলং, মায়াবতী ঝর্ণা, পান্তুমাই, বিছনাকান্দি, রাতারগুলসহ পর্যটন স্পটের জোয়ারদার, তিনকার্ড, মাদক, ইয়াবা বিক্রি বন্ধে ব্যবস্থা নেয়া এবং জড়িতদের আইনের আওতায় আনা, পিকনিক স্পটসমূহে ফেলে রাখা পলিথিনের ব্যাগ, খাবারের প্যাকেট, বোতল সমূহ, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে জনসচেতনতা সৃষ্টিসহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহে পর্যটকদের শান্তিপূর্ণ আগমন, অবস্থান এবং ভ্রমণ শেষে তাদের নিরাপদ প্রস্থানে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ সহ গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্প বিকাশে ভূমিকা পালন করায় তাকে এই পদে মনোনীত করা হয়।
১ আগস্ট ২০১৯ গোয়াইনঘাটের জাফলং পর্যটন পুলিশের ওসি হিসেবে যোগদানের পর পর্যটকদের কল্যাণে ও পর্যটন ব্যবস্থাপনায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় ইতিপূর্বে বাংলাদেশের পর্যটন পুলিশের সেরা ওসির পুরষ্কারে ভূষিত হন রতন শেখ। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা ইতিপূর্বে ২০১০সালেও আইজিপি পদকে পুরস্কৃত হন। এর আগে ২০১৪ সালে জাতিসংঘ পুলিশ পদক এবং ২০১৯ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয় থানা অফিসার ইনচার্জ হিসেবে পরপর তিন বার কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন। আগামী ৭ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর কাছ থেকে আইজিপি পদক গ্রহণ করবেন ওসি রতন শেখ।