Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্যানেল চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন অফিস ভাংচুর ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য সাহেল আহমেদ, সুমন আহমেদ, জাপার সহ সভাপতি মো. আব্দুল হাই, দরগা মিয়া, এমরান আলী, শিপন, কয়েছ আলী, হুমায়ুন আহমেদ, আব্দুর রহিম, অপু মিয়া, মিঠু মিয়া, সুফিয়ান শাহ, সুমন আহমেদ, সাজু আহমেদ, আব্দুস সামাদ, বায়জিদ আহমেদ, লোকমান আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও জন প্রতিনিধির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

বক্তব্যে তারা বলেন, সন্ত্রাসীরা দিন দুপুরে ইউনিয়ন অফিসে হামলা ও ভাংচুর করে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাদকসেবী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি দাবী করেন।
 
প্রসঙ্গত, গত রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের ধরে আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে অবরুদ্ধ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায় একদল সিএনজি শ্রমিক। এ সময় তারা সাইদুর রহমানের মোটর সাইকেল ও অফিসের গ্লাস ভাংচুর করে।

এ ঘটনায় সাইদুর রহমানকে উদ্ধার করতে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.