Sylhet Today 24 PRINT

লকডাউনে বিপাকেপড়া ওঁরাওদের পাশে ‘সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২০

সিলেটের বালুচরে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের বসতি। এক সময় বালুচর এলাকাতে ওঁরাওদের একক বসতী ছিলো। এখন ছোট এক টিলায় মাত্র সতেরোটি পরিবারের বাস। পরিবারগুলোর সদস্য সংখ্যা মোট নব্বই জন।

করোনা সংক্রমণের কারণে এসব পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তিরা সবাই এখন ঘরেই বন্দি। এই পরিবারগুলোর স্বজন বা স্বগোত্রিয় কেউ অবস্থা সম্পন্ন নয়। আপদে বিপদে সহায়তা করার মত তেমন কেউ নেই এই সম্প্রদায়ের। জনারণ্যে থেকেও ওঁরাও'রা একাকী। বরঞ্চ শত্রু আছে আশপাশে। তাঁদের একমাত্র সম্পদ অবশিষ্ট ভূমির দিকে চোখ প্রভাবশালী ভূমিখেকো চক্রের। সেই ভূমিরক্ষায় তাদের আন্দোলন করতে হয়। ভূমিরক্ষার সেই আন্দোলনে সিলেটের অসাম্প্রদায়িক চেতনার প্রগতিশীল নাগরিক সংগঠনের নেতারা যুক্ত হোন।

সেই নাগরিক সংগঠকেরা আদিবাসী ওঁরাওদের খোঁজখবর নেন। বুধবার বিকালে বালুচরে ওঁরাও পরিবারগুলোর খোঁজ নিতে গিয়েছিলেন পরিবেশ আন্দোলনের সংগঠক ও সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট-ইউকে-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুল করিম কিম। সাথে ছিলেন গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু।

ওঁরাওদের জন্য সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট-এর পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী নিয়ে যাওয়া হয়।  উপহার সামগ্রীর মধ্যে পরিবার প্রতি দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবন, এক কেজি আটা ও একটি মিষ্টি লাউ ছিল। যা গ্রহন করেন আদিবাসী নেত্রী শিপ্রা ওঁরাও ও মিলন ওঁরাও।

উপহার হস্তান্তর কালে আব্দুল করিম কিম বলেন, এই দুঃসময়ে একজন অন্যজনের পাশে দাঁড়াচ্ছে। আজকে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের পক্ষ থেকে এই সামান্য উপহার আমরা দিচ্ছি, আগামীকাল আপনাদের হয়তো আরেকজনের পাশে অন্যকোন উপহার নিয়ে দাঁড়াতে হবে।

দেবাশীষ দেবু বলেন, এই মহামারীকালে আপনাদের কাজ একটি। আর তা হলো, নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা। কোন ভাবেই আপনাদের বসতিতে এই রোগের সংক্রমণ করা যাবে না।

শিপা ওঁরাও বলেন, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট থেকে পাঠানো এই উপহার সামগ্রী পেয়ে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেটের নাগরিক আন্দোলনের সংগঠকদের প্রতি- যারা বিভিন্ন সমস্যাকালে আপনজনের মত আমাদের পাশে দাঁড়ান বলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.