Sylhet Today 24 PRINT

সাবেক ফুটবলার হেলাল মারা গেছেন

স্পোর্টস ডেস্ক |  ৩০ মে, ২০২০

আশির দশকের মাঠ কাঁপানো মিডফিল্ডার ও ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রব্বানী হেলাল মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এই কীর্তি ফুটবলার মারা যান, যেখানে তিনি গত দুদিন ধরেই ছিলেন লাইফ সাপোর্টে। তার ভাইপো গোলাম কাইফ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

৬৭ বছর বয়েসী হেলাল মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন হেলাল। তবে সব ছাপিয়ে তার ফুটবলার পরিচয়টাই বেশি ঝলমলে।

১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন মিডফিল্ডার হেলাল। ছিলেন আবাহনী লিমিটেডের ঘরের ছেলে। ১৯৭৫- ১৯৮৮ পর্যন্ত প্রায় একটানা আকাশী নীল জার্সিতে খেলতে দেখা গেছে। ওই সময় একবার খুব অল্প সময়ের জন্য খেলেছিলেন বিজেএমসিতে।

১৯৮২ সালে মোহামেডানের সঙ্গে আলোচিত ম্যাচে উত্তাপময় ম্যাচে জেলে যেতে হয়েছিল চার তারকা ফুটবলারকে। হেলাল ছিলেন তাদের একজন। বাকি তিনজন হলেন কাজী মো. সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার।

খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে আমৃত্যু জড়িয়ে ছিলেন ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.