সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১২ অক্টোবর, ২০১৫
৩৮ বছর পর আবারও কলকাতায় পা রাখল কালো মানিক পেলে। রবিবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে কলকাতায় পৌঁছান কিংবদন্তি এই ফুটবলার। ৩৮ বছর আগে অবশ্য খেলতেই এসেছিলেন। ১৯৭৭ সালে কসমস দলের হয়ে ইডেন গার্ডেন মাঠে ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন ফুটবল সম্রাট।
এবার কলকাতায় নেমে সারাদিন অবশ্য বিশ্রাম নিয়েই কাটিয়েছেন তিনি। আগামী দুদিন কলকাতায় ঠাসা ক্রীড়াসূচি পেলের।
৮টা ২০ মিনিটে পেলের বিমান ছুঁল কলকাতা। বিমানবন্দর দিয়ে যখন বেরোলেন সত্তরোর্ধ্ব পেলের সঙ্গী তাঁর নিরাপত্তারক্ষী ও ওয়াকিং স্টিক। বিমানবন্দর থেকে মাত্র ২৩ মিনিটেই পৌঁছলেন আলিপুরের পাঁচতারা হোটেলে। কালো গাড়ি থেকে নেমেই পেলের সেই পরিচিত হাসি। যেন বহুদিন পর চেনা জায়গায় ফিরে আসার তৃপ্তি। ব্লেজারের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে লকেট।
গাড়ি থেকে নামতেই পেলেকে অভ্যর্থনা জানালেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী। ছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও। হোটেলের রুমে ঢোকার আগে কুশল বিনিময়ের সময় চুনীকে পেলে জানান, শরীরটা তাঁর ভাল নয়! সুযোগ হাতছাড়া করতে নারাজ চুনী গোস্বামীর প্রশ্ন, মেসিকে কেমন লাগে। পেলের উত্তর শুনে অবাক চুনী গোস্বামী।
হোটেলে ঢুকে টানা বিশ্রাম। সোমবার পেলের ঠাসা ক্রীড়াসূচি। তার আগে এদিন হোটেলের রুম থেকেই বেরোলেন না ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তী। টানা বিমানযাত্রার ধকলের পর হাল্কা মধ্যাহ্ণভোজ। আয়োজকদের সূত্রের খবর, পেলে কলকাতায় ঘি-ভাত খেতে চেয়েছেন। ২৩শে অক্টোবর ৭৫ বছর পূর্ন করছেন পেলে। । তার আগে সোমবার নেতাজি ইন্ডোরে হবে পেলের প্রাক জন্মদিন উদযাপন। ৭৫ বছর পূর্ন করতে চলা পেলেকে নিয়েই আগামি দুদিন মাততে চলেছে তিলোত্তমা। পেলের সাথে দেখা হতে পারে সৌরভ গাঙ্গুলিরও।
সূত্র: আনন্দবাজার