Sylhet Today 24 PRINT

রামোসের গোলে শিরোপার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুলাই, ২০২০

সের্হিও রামোসের একমাত্র গোলে লা লিগার চ্যাম্পিয়নশিপের পথে আরও এক ধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে জিদানের দল।

৩৩ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭৪। শিরোপা ধরে রাখার মিশনে বেশ খানিকটা পিছিয়ে পড়া বার্সেলোনার পয়েন্ট ৭০।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সমতায় এগিয়ে যাচ্ছিল ম্যাচ তখন পেনাল্টি থেকে দলের জন্যে কাঙ্ক্ষিত গোল এনে দেন রামোস। ম্যাচের ৭৯তম মিনিটে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া দানি কারভাহাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় নিখুঁত স্পট কিকে গোলটি করেন রামোস। আসরে রিয়াল অধিনায়কের এটি নবম গোল, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ ১১ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

করোনার কারণে বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগে ছয় ম্যাচ খেলে সবকটিতে জিতল রিয়াল। ২০১৬-১৭ মৌসুমের পর এই প্রথম টানা ছয় ম্যাচ জিতল তারা।

সমান ৩৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে গেতাফে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.