Sylhet Today 24 PRINT

রোনালদোর রেকর্ডে জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৫

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর রেকর্ডের দিনে লা লিগায় টানা দুই ম্যাচ ড্রয়ের পর অবশেষে ঘরের মাঠে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তেকে ৩-০ গোলে হারানো ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একটি গোল করলেন রোনালদো। এই এক গোল করেই রিয়াল মাদ্রিদের ইতিহাসে নতুন একটি পাতা খুলে ফেললেন পর্তুগিজ তারকা।

যে রেকর্ড গড়তে ৭৪১ ম্যাচ লেগেছিল রাউল গঞ্জালেজের, সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে রোনালদোর লেগেছে মাত্র ৩১০ ম্যাচ।
২০০৯ সালে রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে ম্যানইউ থেকে রিয়ালে যোগ দেয়ার পর যেন গোল মেশিনে পরিণত হয়েছেন সিআর সেভেন।

৬ মৌসুম খেলে ৩২৩ গোলের রেকর্ড ছাড়িয়ে গিয়ে ৩২৪ গোল করলেন রোনালদো। প্রতি মৌসুমেই গড়ে ৫০টির বেশি গোল। চাট্টিখানি কথা নয়। কয়দিন আগে জিনেদিন জিদান তো বলেই দিয়েছিলেন, ‘কোন মানুষের পক্ষে এমন রেকর্ড করা অসম্ভব।’

এ নিয়ে রিয়ালের হয়ে এ মৌসুমে ৯ ম্যাচে ১২ গোল করলেন ৩০ বছর বয়সী রোনালদো। লেভান্তের বিপক্ষে খেলার ২৭ মিনিটে মার্সেলোকে গোল বানিয়ে দিয়েছিলেন তিনি। এর তিন মিনিট পরই ডান পায়ের শটে করেন নিজের ইতিহাস সৃষ্টি করা গোলটি।

৮১ মিনিটে রিয়ালের হয়ে লেভান্তের জালে শেষ পেরেক ঠুকে দেন হেসে রদ্রিগেজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.