Sylhet Today 24 PRINT

ইংলিশ লিগের সেরা খেলোয়াড় ডি ব্রুইনে

স্পোর্টস ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে।

গত ৯ মৌসুমের মধ্যে ভিনসেন্ট কোম্পানি ও এডেন হ্যাজার্ডের পর তৃতীয় বেলজিয়ান ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন ডি ব্রুইনে। এ অ্যাওয়ার্ড জয়ের পথে তিনি হারিয়েছেন লিভারপুলের ত্রয়ী তারকা ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, জর্ডান হেন্ডারসন ও সাদিও মানে; সাউদ্যাম্পটন ফরওয়ার্ড ড্যানি ইংস, লেস্টার স্ট্রাইকার জেমি ভার্ডি এবং বার্নলি গোলরক্ষক নিক পোপকে।

২৯ বছরের ডি ব্রুইনে বিদায়ী মৌসুমে গোল করেছেন ১৩টি। আর তার দল ম্যানসিটি মৌসুম শেষ করেছে চ্যাম্পিয়ন লিভারপুলের পর দ্বিতীয় স্থানে থেকে।

বেলজিয়ামের এ ফুটবল স্টার ২০ অ্যাসিস্টের রেকর্ডও স্পর্শ করেছেন। ২০০২-০৩ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন সাবেক আর্সেনাল ফরওয়ার্ড থিয়েরি অঁরি।

আগের দিন বর্ষসেরা কোচ হিসেবে লিভারপুলের ইয়ুর্গেন ক্লপের নাম ঘোষণা করা হয়।

২০১৯-২০ আসরের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের ইংলিশ ডিফেন্ডার অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.