Sylhet Today 24 PRINT

৩য় বারের মত অবৈধ বোলিং ফাঁদে স্যামুয়েলস

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৫

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস আবারও অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হলেন । এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মত এমন অভিযোগে অভিযুক্ত হলেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

এর আগে ২০০৮ ও ২০১৩ সালে একই কারণে অভিযুক্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী স্যামুয়েলস।

নিয়মানুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে এই অফ-স্পিনারকে পরীক্ষায় বসতে হবে। তবে ওই পরীক্ষার ফল প্রকাশের আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন।

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে স্যামুয়েলস ২৭ ওভার বল করে শুধুমাত্র দিমুথ করুনারত্নের উইকেটটি সংগ্রহ করেন। ওই টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কা এক ইনিংস ও ছয় রানে জয়ী হয়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি কলম্বোতে শুরু হবে বৃহস্পতিবার। এরপর রয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ।

২০০০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া স্যামুয়েলস প্রথমবার ২০০৮ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে অবৈধ বোলিংয়ের ফাঁদে পড়েন। নিজের বোলিং অ্যাকশন শুধরে ২০১১ সালে আবারও তিনি বোলিংয়ে ফিরে আসেন। এরপর ২০১৩ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আবারও তার বোলিং নিয়ে প্রশ্ন উঠে। ওই সময় তাকে কুইকার ডেলিভারি থেকে নিষিদ্ধ করা হয়। তবে তার অফ-ব্রেক আইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

উল্লেখ্য, ৬০ টেস্টে এখন পর্যন্ত স্যামুয়েলস ৪১ উইকেট শিকার করেছেন। এ ছাড়া ১৭৪ ওয়ানডেতে পেয়েছেন ৮৫ উইকেট। ৩৮টি টোয়েন্টি২০ ম্যাচ খেলে তিনি দখল করেছেন ১৯ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.