Sylhet Today 24 PRINT

হারে মৌসুম শুরু নেইমার-এমবাপেহীন পিএসজির

স্পোর্টস ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২০

করোনার ছোবলে নিয়মিত সাত খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি হেরে গেছে শীর্ষ লিগে উঠে আসা লঁস-এর বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে গেছে টমাস টুখেলের দল।

নেইমার, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াসহ দলটির মোট সাতজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দ্বিতীয় সারির দল নিয়ে বৃহস্পতিবার মাঠে নামা পিএসজি প্রথমার্ধে ৭৭ শতাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণ করতে পারেনি।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৭তম মিনিটে গোলরক্ষকের ভুলে গোল খেয়ে বসে পিএসজি। পোলিশ গোলরক্ষক মার্চিন বুকা ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের দুজন খেলোয়াড় থাকা সত্ত্বেও তাদের মধ্যে দিয়ে পাস দেওয়ার চেষ্টা করেন, তার দুর্বল পাস ধরে ছুটে আসা একজনকে কাটিয়ে জোরালো শটে ঠিকানায় পাঠান ক্যামেরুনের ফরোয়ার্ড ইগনেসিয়া।

এরপর অনেক চেষ্টায়ও গোলের দেখা পায়নি গত আসরের চ্যাম্পিয়নরা।

আগামী রোববার ঘরের মাঠে মার্সেইয়ের মুখোমুখি হবে টুখেলের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.