স্পোর্টস ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৫
এক সময় তাকে দেশের সেরা প্রতিভা মনে করা হতো। প্রতিভার ঝলকও দেখাতে শুরু করেছিলেন। তবে আইসিএল নামক এক দুর্ঘটনা তছনছ করে দিলো অলক কাপালির ক্যারিয়ার। সেই দুর্ঘটনার রেশ কাটিয়ে আবার ফিরে আসার আভাস দিচ্ছিলেন এই তারকা ক্রিকেটার। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে কোনো দলই ডাকেনি তাকে। তবে কী ফুরিয়ে গেছেন অলক?
বিএপিএলে অলক কাপালির মতো তারকারা দল না পেলেও দেশি-বিদেশী অনেক অখ্যাত ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
২০১২ সালে বিপিএল প্রথমবার যখন মাঠে গড়ায় তখন ছিলেন আইকন ক্রিকেটারদের একজন। সিলেট রয়ালসের অধিনায়কও ছিলেন তিনি। টুর্নামেন্টটির সর্বশেষ আসরেও ব্যাটে-বলে ছিলেন ঝলমলে। অথচ এবার দলহীন অলক। বিপিএলের ‘প্লেয়ার বাই চয়েস’ -এ কেউ তার প্রতি আগ্রহ দেখায়নি।
স্বভাবতই হতাশ একসময়ে মারকুটে এই ব্যাটসম্যান। অভিযোগ তুলেছেন, পারফরম্যান্স নয় ‘অন্যকিছু’র ব্যাপার রয়েছে এখানে।
বৃহস্পতিবার জাতীয় লীগ খেলতে চট্টগ্রাম যাচ্ছিলেন অলক কাপালী। এই ফাঁকে আলাপ হয় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম'র সাথে। অলক বলেন, ‘আমি চরম হতাশ। ভাবতেই পারিনি, বিপিএলের মতো টুর্নামেন্টে আমি দল পাবো না! যেখানে সর্বশেষ আসরেও আমার ভালো পারফরম্যান্স ছিলো।’
দল না পাওয়ার পিছনে ‘অন্যকিছু’র প্রভাবের কথা জানালেন একসময়ের নিয়মিত এই ব্যাটিং অলরাউন্ডার। এবারের লটারি ব্যবস্থা নিয়ে কথা বলতে না চাইলেও দল না পাওয়ার ব্যাপারে ক্ষোভটা ঠিকই ছুঁয়ে গেলো, ‘আমার কাছে মনে হয়েছে এবার পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়নি। ব্যাকিংয়ের জোরে অনেক খারাপ খেলোয়াড়ও সুযোগ পেয়েছে। আমার ব্যাকিং নেই, কোনো ভাই নেই, তাই দলও পাইনি।’