Sylhet Today 24 PRINT

দিলশান কার- চিটাগাং না রংপুরের?

স্পোর্টস ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৫

নিজ উদ্যোগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চুক্তি করার সুযোগ দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সে সুযোগ কাজে লাগাতে গিয়ে শ্রীলংকান অলরাউন্ডার তিলকারত্নে দিলশানকে নিজেদের ক্রিকেটার হিসেবে দাবি করেছে রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংস।

দুই ফ্র্যাঞ্চাইজির দাবি, তাদের সঙ্গে চুক্তি করেছেন দিলশান। দিলশানের বিপক্ষে ওঠা এ অভিযোগ তদন্ত করে দেখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গঠন করার পর বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, দিলশানের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বসেছিলাম। তিনি আমাদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সিদ্ধান্ত নিতে বলেছেন।' তবে দু'দলের সঙ্গে চুক্তির অভিযোগ উঠলেও এখনই দিলশানকে দোষী ভাবতে রাজি নন তিনি, 'আপাতত মনে হতে পারে দিলশানের দোষ; কিন্তু যদি দেখা যায়, কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে টাকা দেওয়ার যে সময় দিয়েছিল, সে সময়ের মধ্যে তারা টাকা দিতে পারেনি, তখন দিলশান অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেছেন। তাহলে তো খেলোয়াড়কে দোষ দেওয়া যাবে না। আমরা পুরোপুরি তদন্ত করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।'

চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের সঙ্গে দিলশানের চুক্তি হয়েছে ১০ অক্টোবরের আগে। তাকে পারিশ্রমিকের একটি অংশ দিয়ে দিয়েছেন বলেও দাবি করেন চিটাগাং ভাইকিংসের মালিক। রংপুর রাইডার্সে মালিক জানান, তারা তিন দিন আগে দিলশানের সঙ্গে চুক্তি করেছেন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দিলশান ও দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলা হবে বলেও জানান ইসমাইল হায়দার মলি্লক।

বৃহস্পতিবার বিপিএল লটারি হয়ে গেলেও খেলোয়াড় টানার সময় এখনই শেষ হয়ে যাচ্ছে না। বিসিবি সভাপতি জানিয়েছেন, আর সপ্তাহ খানেক সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তখন অনেক অবিক্রীত স্থানীয় ক্রিকেটার দল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.