Sylhet Today 24 PRINT

বিপিএল : বিশ্বসেরা সাকিব-মুশফিকদের দাম ওয়াহাব-আজমলদের চেয়েও কম

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ দেশি ক্রিকেটারদের দাম বিদেশিদের চেয়ে অনেক কম। দলে স্থান না পাওয়া এবং বিশ্ব ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে আবার দলে স্থান না পাওয়া অনেক পাকিস্তানির দাম বাংলাদেশি ক্রিকেটারদের চাইতে বেশি।

খোদ পাকিস্তান দলেই যার স্থান নাই সেই সাঈদ আজমল পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চেয়ে বেশি দাম।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে রেখেছিল, বিপিএলে আইকন খেলোয়াড় হিসেবে সাকিব-মাশরাফি-মুশফিক-তামিমদের প্রত্যেকের দাম ৩৫ লাখ টাকা।

প্লেয়ারস ড্রাফট-এর পর দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চেয়ে বেশি দাম 'অচল পয়সা' সাঈদ আজমলমতো খেলোয়াড়ের!

বোলিং অ্যাকশন শোধরানোর পর আজমল তো পাকিস্তান দলেই স্থান নাই।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে যারা ‘এ’ গ্রেডে আছেন, তাঁদের দাম ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৫ লাখ। ‘এ’ গ্রেড থেকে বিক্রি হওয়া ওয়াহাব রিয়াজ আছেন সাকিবের দল রংপুরেই। রংপুরের সম্ভাব্য অধিনায়ক সাকিবের চেয়ে তাঁর দলের রিয়াজ কিন্তু পাচ্ছেন ২০ লাখ টাকা বেশি!

‘বি’ গ্রেডের দাম ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ লাখ টাকা। সে হিসেবে ছয় আইকন সাকিব, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও মাহমুদউল্লাহরা পাচ্ছেন ‘বি’ গ্রেডে থাকা বিদেশি খেলোয়াড়দের চেয়ে কম। এই গ্রেডে রয়েছেন আজমল-জর্ডানরা ছাড়াও আছেন ব্র্যাড হগ।

আজমল-জর্ডান-হগদের চেয়ে কম দাম পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, অবাক হওয়ার মতোই। কুলাসেকেরাও অনেক দিন ধরে নিয়মিত নন শ্রীলঙ্কা দলে। অথচ এদের চেয়ে কম দাম পাবেন সাকিব!

বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে বড় নাম। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সাকিবকে কিনেছিল বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩০ লাখ টাকায়।

২০১৪ সালে ২০ লাখ বেড়ে সাকিবের দাম হয় সাড়ে তিন কোটি। সেবার তাঁকে কিনতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল দিল্লি ডেয়ার ডেভিলস আর কেকেআর। শেষ পর্যন্ত আগের চেয়ে বেশি দাম গুণে সাকিবকে ধরে রাখে কেকেআর।

সর্বশেষ আইপিএলে তাঁকে নিলামেই উঠতে হয়নি। গত ডিসেম্বরে সাকিবের চুক্তি বর্ধিত করে নেয় কেকেআর। প্রশ্ন তাই থেকে যাচ্ছে, বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব কি আদৌ যথার্থ দাম পেলেন?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.