Sylhet Today 24 PRINT

বিশাল হারে সিরিজ হারল ভারত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

সিরিজে ফাফ দু প্লেসির প্রথম ও কুইন্টন ডি ককের দ্বিতীয় ও এবি ডি ভিলিয়ার্সের তৃতীয় শতকে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

সিরিজ জিততে হলে ইতিহাস গড়তে হত ভারতকে। কিন্তু স্বাগতিকরা তার ধারে কাছেও যেতে পারেনি, হেরেছে ২১৪ রানে।  বিশাল এ পরাজয়ে তারা সিরিজ হারল দক্ষিণ আফ্রিকার কাছে। 

রোববার মু্ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে এবং ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটাই কোনো দলের সর্বোচ্চ রানের ইনিংস। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস।

ভারতের মাটিতে ওয়ানডেতে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল স্বাগতিক দলের। ইন্দোরে ২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ৪১৮ রান করেছিল ভারত।

জবাবে ৩৫ ওভার ৫ বলে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকার প্রলয়ংকরি ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিল তারা দুরন্ত। দলীয় ২২ রানে রোহিত শর্মা আর ৪৪ রানে কোহলিকে অসাধারণ এক ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরত পাঠালে খেই হারিয়ে বসে টিম ইন্ডিয়া। স্টেইন, রাবাডা আর অ্যাবাটের পেসে নিয়মিত উইকেট হারিয়ে ২২৪ রানে গুড়িয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন আঞ্জিকা রাহানে। এছাড়া শিখর ধাওয়ান ৬০ রান করেন। প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাডা চারটি ও ডেল স্টেইন তিনটি উইকেট নেয়।

তবে দিনের শুরুর গল্পটা ছিল ভিন্ন রকমের। টসে জিতে ব্যাটিং বেছে নিতে ভুল করেননি এবি ডি ভিলিয়ার্স। ম্যাচের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই মোহিত শর্মার শট বলে পুল করে সবচেয়ে কম ইনিংস খেলে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ওপেনার হাশিম আমলা।

আমলার রেকর্ডের দিনে পিছন ফিরে তাকায়নি প্রোটিয়ারা। রেকর্ডের দিনে ২৩ রানের ছোট্ট ইনিংস খেলে মোহিতের বলে ধোনির গ্লাভসে বন্দী হয়ে সাজঘরে ফিরে যান আমলা।

এরপর থেকেই শুরু প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব। দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার কুইন্টন ডি কককে সঙ্গে নিয়ে ফাফ ডু প্লেসিস গড়েন ১৫৪ রানের জুটি। পরেই দুজনেই তুলে নেন সেঞ্চুরি। দলীয় ১৮৭ রানে ব্যক্তিগত ১০৯ রান করে কক প্যাভিলনে ফিরে গেলে মাঠে আসেন ক্যাপ্টেন ভিলিয়ার্স।

শুরু হয় ভোরতের বোলারদের নিয়ে ছেলেখেলা। মাত্র ২০ ওভার ৩ বলে ২১১ রান উপহার দেন ভিলিয়ার্স-প্লেসিস জুটি। প্রলয়ংকারী ইনিংসটি খেলেন ক্যাপ্টেন ডি ভিলিয়ার্স। তার ৬১ বলে ১১টি ছয় ও ৩টি চারে গড়া ১১৯ রানের ইনিংসে ভারতের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় বোলারদের।

মাত্র ৩৪ বলে তুলে নিয়েছেন ৫০ রান, ৫৭ বলে করেছেন সেঞ্চুরি, আর ৬১ বলে ধোনির হাতে ধরা পড়ার আগে মাঠ ছেড়েছেন ১১৯ রান করে। এবি’র আগে মাত্র ৮৭ বলে সেঞ্চুরি করে ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন উইকেটকিপার কুইন্টন ডি কক। তিনি ১৭ টি চার ও একটি ছক্কায় করেন ১০৯ রান।

এরপরই ফাফ ডু প্লেসিস ১১৫ বলে ৬টি ছক্কা ও ৯টি চারে করেন ১৩৩ রান। পরে পেশীতে চোট পেয়ে অবসর নিয়ে মাঠ ছাড়েন তিনি।

১০ ওভারে ১০৬ রান দিয়ে ডি ভিলিয়ার্সের উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার ঢুকেছেন রেকর্ড বইয়ে। তবে সেটা মোটেও আনন্দের নয়, ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া ভারতীয় বোলার এখন তিনিই।

ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক আর সিরিজ সেরা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.