Sylhet Today 24 PRINT

উরুগুয়ের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২০

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ব্রাজিল। মন্তেভিদিওতে বুধবার ২-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তিতের দল। আর্থারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। এই নিয়ে উরুগুয়ের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত রইলো ব্রাজিল; আট জয় ও তিন ড্র। দলটির বিপক্ষে ব্রাজিলিয়ানরা সবশেষ হেরেছিল ২০০১ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে।

নেইমার, ফিলিপে কৌতিনিয়ো, ফাবিনিইয়ো, কাসেমিরোকে ছাড়াই মাঠে নামা ব্রাজিল শুরু থেকে বলের দখল রাখে। তৃতীয় মিনিটে গাব্রিয়েল জেসুসের দুরূহ কোণ থেকে নেওয়া শট ঠেকান উরুগুয়ের গোলরক্ষক।

৩৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। জেসুসের পাস পেয়ে জুভেন্টাস মিডফিল্ডার আর্থারের দূর থেকে নেওয়া শট ডিফেন্ডার জোসে হিমেনেসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। ছোট করে নেওয়া কর্নারের পর সতীর্থের পা ঘুরে ডি-বক্সে ক্রস বাড়ান রেনান লোদি। লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন এভারটন ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে রিশার্লিসনকে পেছন থেকে ফাউল করায় ভিএআরের সাহায্যে এদিনসন কাভানিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। আরেক ম্যাচে কলম্বিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া ইকুয়েডরের পয়েন্ট ৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.