Sylhet Today 24 PRINT

জয়ে ফিরেছে ম্যানচেস্টার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২০

ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল উলে গুনার সুলশারের দল। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে রেড ডেভিলসরা।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ করতে পারতেন রেড ডেভিল অধিনায়ক। পেনাল্টি পেয়েও প্রতিশ্রুতি রক্ষায় মার্কাস র‍্যাশফোর্ডকে সুযোগ দেন। স্পট কিক থেকে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। আর ইনজুরি টাইমে চতুর্থ গোলটি করেন ওয়েলশ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস। বাসাকসেহিরের হয়ে একমাত্র গোলটি করেন দিনিজ তুরুচ।

৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত শটে বাসাকসেহির গোলরক্ষক পরাস্থ হলে ১-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। এরপর ১২ মিনিটের মাথায় মার্কোস রাশফোর্ড দুর্দান্ত এক গোল করে স্কোরশিটে নাম লেখান তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি রেড ডেভিলসদের। ম্যাচের ১৯ তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।

বিজ্ঞাপন

দুই গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে, ম্যাচের ৩৩ মিনিটে ডি বক্সের ভেতর রাশফোর্ড ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক থেকে রাশফোর্ড গোল করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বলের দখল ধরে রেখে আক্রমণ করতে থাকে রেড ডেভিলসরা, তবে কিছুতেই চতুর্থ গোলের দেখা মিলছিল না। উলটো ম্যাচের ৭৫ মিনিটে ডেনিজ তুরাচের গোলে ব্যবধানে ৩-১ করে বাসাকসেহির।

এরপর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বদলি হিসেবে নামা মেসন গ্রিনউডের অ্যাসিস্ট থেকে গোল করেন আরেক বদলি খেলোয়াড় ড্যানিয়েল জেমস। আর তাতেই ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় রেড ডেভিলসদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.