Sylhet Today 24 PRINT

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২০

ছবি: টুইটার

সর্বশেষ চার ম্যাচে তৃতীয়বারের মত জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোল আর দেজান কুলুসেভস্কি ও আলভারো মোরাতার গোলে মৌসুমের প্রথম বড় জয় পেয়েছে জুভেন্টাস।

পার্মার মাঠে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে জুভেন্টাস। আগের ম্যাচে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা জুভেন্টাস ২৩তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক থেকে মোরাতার নিখুঁত ক্রস থেকে গোল করেন সুইডিশ মিডফিল্ডার কুলুসেভস্কি।

ম্যাচের ২৬তম মিনিটে মোরাতার উঁচু ক্রসে লাফিয়ে ওঠে হেড করে নিজের প্রথম গোল করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল করেন রোনালদো। র‌্যামজির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। লিগে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

৮৫তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে হেডে মৌসুমে দলের বড় জয় নিশ্চিত করেন মোরাতা।

১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া জুভেন্টাস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৩ ম্যাচে পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.