Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা : নতুন মুখ রাব্বি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্যে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঘোষণা করা ১৪ সদস্যের দলে ফিরেছেন আল আমিন হোসেন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

নিজেকে পুরোপুরি ফিট দাবি করলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে নেই তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও এনামুল হক। চোটের কারণে দলে নেই পেসার রুবেল। আর কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল।

দেশের ঘরোয়া ক্রিকেটে রাব্বির পদচারণা প্রায় আট বছরের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৮ সালে। তবে জাতীয় দলের রাডারে এসেছেন গত কয়েক মাসে। ঘরোয়া ক্রিকেটে রেকর্ড দেখলে আহামরি কিছু মনে হবে না। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৯১টি, ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৪২টি।

দক্ষিণ আফ্রিকায় ১ম ম্যাচে উইকেট না পেলেও পরের ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সবশেষ ম্যাচে গত বৃহস্পতিবার গটেং স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।

জিম্বাবুয়ে সিরিজের ১৮ সদস্যের প্রাথমিক দল থেকে এনামুল ছাড়াও বাদ পড়েছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ 'এ' দলের হয়ে ভালো খেলে জাতীয় দলে এসেছেন ২৩ বছর বয়সী কামরুল। দ্বিতীয় সেরা দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি ওয়ানডে খেলে ছয় উইকেট নেন এই ডানহাতি পেসার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিশ্বকাপের মাঝপথ থেকে দেশে ফেরার পর থেকে জাতীয় দলে উপেক্ষিত ছিলেন আল আমিন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন তিনি।

'এ' দলের হয়ে ভালো খেলেই জাতীয় দলে ফিরেছেন আল আমিন। দ্বিতীয় সেরা দলের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে চার ম্যাচে ১২ উইকেট নেন ২৫ বছর বয়সী এই পেসার।

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে সোমবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল,লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন,মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.