Sylhet Today 24 PRINT

সফর স্থগিত : আজ আসছে না দ. আফ্রিকা নারী ক্রিকেট দল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৫

এর আগে তারা একবার পিছিয়েছিল বাংলাদেশ সফর, আবারও ঘটল একই ঘটনা। আগের বার নিরাপত্তার কারণ দেখিয়ে সফর পেছালেও এবারকার কারণ জানে না বিসিবিও। ফলে আজ আসছে না দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা আসার কথা ছিল প্রোটিয়া নারী ক্রিকেট দলের। কিন্তু তার কয়েক ঘন্টা আগে হঠাৎ করেই বাংলাদেশ সফরে না আসার কথা বিসিবিকে জানিয়ে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

বার্তা সংস্থা এএফপিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিসিবিকে তাদের নারী ক্রিকেট দলের ঢাকায় না আসার কথা জানিয়ে দিয়েছে। তবে কেন তারা সফরে আসছে না সে ব্যাপারে কোন কিছুই জানানো হয়নি বিসিবিকে।

তবে, ধারণা করা হচ্ছে সম্প্রতি ঢাকায় একজন প্রকাশককে হত্যা এবং অপর আরেকজন প্রকাশক ও লেখকসহ কয়েকজনের ওপর নৃশংস হামলার ঘটনারা কারণেই প্রোটিয়ারা দ্বিতীয়বারের মত তাদের নারী দলের বাংলাদেশ সফর স্থগিত করলো।

এর আগে গত মাসের শুরুও দিকে প্রথমবার প্রোটিয়া নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

তার আগে দু’জন বিদেশি হত্যা এবং পশ্চিমা দেশগুলোর রেড এলার্টের কারণে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া ক্রিটে দল। গত মাসেই অসিদের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।

গত মাসে আরব আমিরাতের দুবাইতে আইসিসির বোর্ড মিটিংয়ে গিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নারী দলের সফর ঠিক করে আসেন বিসিবি প্রেসিডেন্ট। সে মতে ৩ নভেম্বর (মঙ্গলবার) ঢাকায় এসে পৌঁছার কথা ছিল প্রোটিয়া নারী ক্রিকেট দলের।

তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘সফরটি স্থগিত নয়, পেছানো হয়েছে মাত্র। আগামী ৪-৫ দিনের মধ্যেই নতুন তারিখ জানাবে তারা। সে পর্যন্ত আমাদের দল কক্সবাজারে অনুশীলন চালিয়ে যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.