Sylhet Today 24 PRINT

তিনশ’ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু হয়েছে। প্রথম দিনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৫ উইকেটের বিনিময়ে ২৪২ রান। উইকেটে থেকে প্রথম দিন শেষ করেছিলেন সাকিব আল হাসান ৩৯ ও লিটন দাস ৩৪ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে গেছেন টাইগারা। তার আগে রাবাংলাদেশের সংগ্রহ, ৭ উইকেটে ৩২৮ রান। উইকেটে আছেন, মেহেদি হাসান মিরাজ (৪৬) ও তাইজুল ইসলাম (৫)।

জহুর আহমেদে ২য় দিনের শুরুটা সাকিব ও লিটনের জুটির অর্ধশতকপূর্ণের মধ্য দিয়ে শুরু। তবে খুব বেশি সময় আর উইকেটে টিকে থাকতে পারেননি লিটন। ওয়ারিক্যানের বল দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরতে হয় লিটনকে। দলীয় ২৪৮ রানে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন লিটন দাস।

লিটনের ফেরার পর অর্ধশতক তুলে নেন সাকিব আল হাসান। ১১০তম বলে নিজের ২৫তম অর্ধশতক তুলে নেন সাকিব। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে গড়েন অর্ধশতকের জুটি। এই জুটিতেই বাংলাদেশ দল দলীয় ৩০০ রান স্পর্শ করে।

খেলছিলেন দুর্দান্ত, দলকে নিয়ে দেখাচ্ছিলেন বড় সংগ্রহের পথ। তবে রাকিম কর্নওয়ালের বলে কাট করতে গিয়ে বল তুলে দেন ব্র্যাথওয়েটের হাতে। সাকিব ফেরেন ১৫০ বলে ৬৮ রান করে। দলীয় ৩১৫ রানে বাংলাদেশ হারায় নিজেদের ৭ম উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি বাংলাদেশের। মুশফিক, মুমিনুলদের সেট হয়ে বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ থাকলেও প্রথম দিনে আড়াই'শ প্রায় রান তুলেছেন স্বাগতিকরা। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২। দিন শেষে ৯২ বলে ৩৯ রানে অপরাজিত সাকিব আল হাসান। তার সঙ্গে ৫৮ বলে ৩৪ রান নিয়ে দিন শেষ করেছেন লিটন কুমার দাস।

উইন্ডিজের হয়ে পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাকি দুটির একটি কেমার রোচ, অন্যটি রান আউট।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের ৫ম ওভারে কেমার রোচের করা তৃতীয় বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে নামের পাশে ১৫ বলে ৯ রান করেন তামিম। এরপর ৫৮ বলে ২৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। ফেরেন দলীয় ৬৬ রানে। তারপর অধিনায়ক মুমিনুল ব্যক্তিগত ২৬ ও দলীয় ১১৯ রানে ফেরেন। সাদমান ফেরেন ৫৯ রান করে। আর মুশফিক করেন ৩৮ রান। সাদমান দলীয় ১৩৪ আর মুশফিক দলীয় ১৯১ রানে ফিরলে শেষ বিকেলটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন সাকিব-লিটন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.