Sylhet Today 24 PRINT

বিসিবি একাদশকে হারিয়ে জিম্বাবুয়ের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৫

জিম্বাবুয়েকে নিয়ে ভাবতেই হচ্ছে কোচ ও অধিনায়ককে

সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুন্য দেখিয়ে বাংলাদেশ  মূল দলকে  সতর্ক করে দিল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার ফতুল্লায় মাশরাফির নেতৃত্বাধীন বিসিবি একাদশকে তারা হারিয়েছে ৭ উইকেটে।

বিসিবি একাদশের ২৭৭ রান জিম্বাবুয়ে পেরিয়ে গেছে অনায়াসেই। জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক এল্টন চিগুম্বুরা ৬৪ এবং ক্রেগ আরবিন ৯৫ রান করেন।

দল হারলেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুশীলন একদম খারাপ হয়নি। উইকেট না পেলেও দুই স্পেলে ৭ ওভার বোলিং করেছেন মাশরাফি। নতুন বলে ৪ ওভারে দিয়েছিলেন ১৬ রান, পরের স্পেলে ৩ ওভারে ১৫।

বাংলাদেশের হয়ে প্রস্তুতিটা সবচেয়ে ভালো হয়েছে মুশফিকুর রহিমের। যে কারণে এই ম্যাচে খেলেছেন, সেই ব্যাটিং অনুশীলন প্রায় ষোলো আনা সেরে নিয়েছেন মুশফিক। ৮৪ বলে অপরাজিত ৮১ রানের দারুণ ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

অর্ধশতক করেছেন বাংলাদেশের ওয়ানডে দল থেকে ছিটকে পড়া দুই ওপেনার এনামুল হক ও ইমরুল কায়েসও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে আগ্রহের কেন্দ্রে থাকা শাহরিয়ার নাফীস আউট হয়েছেন ৩৮ রান করে।

তবে প্রস্তুতি খুব একটা ভালো হয়নি ওয়ানডে দলে থাকা দুই ব্যাটসম্যান লিটন দাস ও সাব্বির রহমানের। ২৫ রান করেছেন লিটন, সাব্বির ৩।

সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.