Sylhet Today 24 PRINT

মোহালিতে স্পিনারদের দাপট, প্রোটিয়ারা ১৮৩-তে অলআউট

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৫

স্পিনারদের দাপটে জমে ওঠেছে মোহালি টেস্ট। স্পিন সহায়ক উইকেটের প্রথম দিনে অলআউট হয়েছিল ভারত, মাত্র ২০১ রানে। আর দ্বিতীয় দিনের অলআউট দক্ষিণ আফ্রিকাও। সংগ্রহ মাত্র ১৮৩, তাও মাত্র ৬৮ ওভারে!

দক্ষিণ আফ্রিকার সবগুলো উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ভারতের তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৫ উইকেট। আর রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্রা দিয়েছেন যথাক্রমে ৩ ও ২টি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন এবি ডিভিলার্স। এছাড়া অধিনায়ক হাশিম আমলা করেন ৪৩ এবং ডিন এলগার করেন ৩৭ রান। এর বাইরে দুই অংকের ঘরে কেবল অতিরিক্ত হিসেবে আসা ১৪ রান।

প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ২৮ রান।

এর আগে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারেই শূন্য রানে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন ভার্নন ফিল্যান্ডার। পরে প্রতিরোধ গড়া জাদেজার (৩৮) উইকেটও নেন এই পেসার।

ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নিয়ে চমকে দেওয়া কাগিসো রাবাদা টেস্ট অভিষেকে তেমন কিছু করতে পারেননি। তবে অধিনায়ক বিরাট কোহলিকে (১) দ্রুত ফিরিয়ে স্বাগতিকদের ওপর চাপ বাড়ান তিনি।

উইকেট শূন্য থাকেন পেসার ডেল স্টেইন। তবে তার কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি দক্ষিণ আফ্রিকার স্পিনাররা।

ভারতের সাত উইকেট নেন অতিথি দলের তিন স্পিনার। মুরালি বিজয়ের সঙ্গে সর্বোচ্চ ৬৩ রানের জুটি গড়া চেতেশ্বর পুজারাকে ফেরান এলগার। পরে অজিঙ্কা রাহানে (১৫), ঋদ্ধিমান সাহা (শূন্য) ও অমিত মিশ্রকেও ফেরান এই বাঁহাতি স্পিনার। ২২ রানে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার তিনিই।

টেস্টে এটাই এলগারের সেরা বোলিং। এই প্রথম কোনো ইনিংসে এক উইকেটের বেশি পেলেন তিনি। সর্বোচ্চ ৭৫ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান বিজয়কে ফেরান অফ স্পিনার সাইমন হার্মার।

জাদেজার সঙ্গে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়ে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়া অশ্বিন অপরাজিত থাকেন ২০ রানে। এক ওভারে শেষ দুই ব্যাটসম্যান উমেশ যাদব ও বরুন অ্যারনকে বোল্ড করে ভারতের ইনিংস ২০১ রানে গুটিয়ে দেন লেগ স্পিনার ইমরান তাহির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.