Sylhet Today 24 PRINT

সাকিব-মুশফিকদের দিনে মাশরাফির ‘ডাবল’ সেঞ্চুরি!

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দিন হয় মুশফিকুর রহিমের, বল হাতে তা নিশ্চিতভাবেই সাকিব আল হাসানের। তবে এরই মাঝে রেকর্ডবুকে নিজেকে তুলে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। তার ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের ‘ডাবল’ সেঞ্চুরি করেছেন এ ম্যাচেই।

স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে মাশরাফি ছুঁয়ে নিলেন ২০০তম উইকেটের মাইলফলক। জিম্বাবুয়ের দুইজন ব্যাটসম্যানের আউট করে মাশরাফির উইকেট সংখ্যা এখন ২০১।

মুস্তাফিজ আর আরাফাত সানিকে দিয়ে বোলিং ওপেন করিয়েছেন। এরপর সাকিব, আল আমিনদের পর পঞ্চম বোলার হয়ে আসলেন ইনিংসের ২২তম ওভারে।

প্রথম দুই ওভার থাকলেন উইকেটশূন্য। নিজের তৃতীয় ওভারেই ফর্মে থাকা সিকান্দার রাজাকে তুলে নিলেন। সে সঙ্গে হয়ে গেলেন বাংলাদেশের পক্ষে তৃতীয় বোলার হিসেবে ২০০তম উইকেট শিকারি।

মাশরাফির আগে দুই বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। এবার তৃতীয় বোলার হিসেবে এই তালিকায় যোগ হলেন মাশরাফি। আর পেসার হিসেবে প্রথম!

মাশরাফির নামের পাশে ২০০ উইকেট আগেও ছিল। তবে সেটা দেশের হয়ে নয়। ২০০৭ সালে এশিয়ান একাদশের হয়ে আফ্রিকার বিপক্ষে একটি উইকেট পেয়েছিলেন তিনি। ওই উইকেটটাই আন্তর্জাতিক উইকেট হিসেবে তার নামের পাশে উজ্জ্বল হয়েছিল।

কিন্তু মাশরাফি তো আর দেশের বাইরে কিছু ভাবতে পারেন না। এ কারণে দেশের হয়েই ২০০তম উইকেট তুলে নিতে চাইলেন। সেটা সিকান্দার রাজাকে দিয়েই পূরণ করে নিলেন তিনি। এরপর অবশ্য ম্যালকম ওয়ালারের উইকেট নিয়ে নিজের নামের পাশে সংখ্যাটা আরও বাড়িয়েছেন তিনি। আন্তর্জাতিক হিসেবে মাশরাফির উইকেট এখন ২০২টি। আর দেশের হয়ে ২০১টি।

বল হাতে ৬ ওভাওে মাত্র ১৩ রান দিয়ে দারুন অবদান রেখেছেন তিনি। ব্যাট হাতে শেষ দিকে ৮ বলে ১৪ রান করেন।

এর আগে মুশফিকের ঝলমলে শতক আর সাব্বির রহমানের অর্ধশতকের ওপর ভর করে  বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৩। আর সাকিবের ৫ উইকেট দখলের সুবাদে জিম্বাবুয়ে অলআউট হয় মাত্র ১২৮ রানে; বাংলাদেশ ম্যাচ জেতে ১৪৫ রানের বিশাল ব্যবধানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.