Sylhet Today 24 PRINT

বরুশিয়াকে হারিয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২১

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডে ব্রুইনে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মার্কো রয়েস। জয়সূচক গোলটি করেন ফোডেন।

১৯তম মিনিটে প্রথম গোল পায় সিটি। মাঝমাঠে সফরকারী ডিফেন্ডার এমরে কানের ভুলে বল পায় তারা। ডে ব্রুইনে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের ভেতর বাঁ দিকে বাড়ান ফোডেনকে। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিকের বাইলাইনের কাছ থেকে কাট ব্যাক করেন রিয়াদ মাহরেজ। কাছ থেকে ডান পায়ের শটে বাকিটা সারেন ডে ব্রুইনে।

৮৪তম মিনিটে সমতায় ফেরে ডর্টমুন্ড। হলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে এদেরসনকে পরাস্ত করেন রয়েস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন ফোডেন। ডে ব্রুইনের দারুণ ক্রস ডি-বক্সে ইলকাই গিনদোয়ান নিয়ন্ত্রণে নিয়ে ফোডেনকে পাস দেন। সহজেই বাকি কাজ সারেন ইংলিশ মিডফিল্ডার। আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.