Sylhet Today 24 PRINT

প্যরিসে হামলা: ইউরো চ্যাম্পিয়নশীপ নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

একযোগে প্যারিসের কেন্দ্রের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় ইউরোর আগামী আসরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা জেগেছে। এরই মধ্যে দেশটিতে সবধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট সাময়িক বন্ধ রেখেছে সরকার।

এ বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেত নিজেই তার দু:শ্চিন্তার কথা জানিয়েছেন।

আগামী বছরের জুন-জুলাইয়ে ফ্রান্সের মোট ১০টি শহরে ইউরোর পরবর্তী আসর হওয়ার কথা। সূচি অনুযায়ী ১০ জুন শুরু হয়ে ১০ জুলাই প্যারিসের স্তাদে দে ফ্রান্সে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

প্যারিসের জাতীয় এই স্টেডিয়ামেই শুক্রবার রাতে স্বাগতিক দল ও জার্মানির মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলার সময় বাইরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্টেডিয়ামের বাইরে বোমা হামলার শব্দ মাঠ থেকেও শোনা যায়। ম্যাচটি অবশ্য যথাযথভাবেই শেষ হয়, ২-০ গোলে জেতে ফ্রান্স। তবে ম্যাচ শেষে অনেক্ষণ দর্শকদের মাঠে রাখা হয়।

শুক্রবার সন্ধ্যায় প্যারিসের বিভিন্ন জায়গায় বন্দুকধারীদের গুলিতে ও বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনার পরেই ইউরোর আগামী আসরের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানান লে গ্রেত।

“সতর্কতামূলক অনেক ব্যবস্থাই নেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখলাম সন্ত্রাসীরা যে কোনো সময় হামলা করতে পারে। আগেও ইউরো নিয়ে আমরা চিন্তিত ছিলাম; এখন আমরা আরও বেশি চিন্তিত। তবে এখন আমার ভাবনা আমার পরিবারকে নিয়ে।”

প্যারিসের বিভিন্ন জায়গায় একই সময়ে হওয়া হামলায় মোট ১২৮ জন নিহত হয় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.