Sylhet Today 24 PRINT

ইউরোপ সেরার শিরোপা চেলসির

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক |  ৩০ মে, ২০২১

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। শনিবার রাতে পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের চেলসি। এটা চেলসির দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়, এরআগে ২০১২ সালে তারা প্রথমবারের মত ইউরোপ সেরার খেতাব জিতেছিল। ইউরোপ সেরা ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

ফাইনালে ভাগ্যনিয়ন্তা একমাত্র গোলটি আসে কাই হাভার্টজের পা থেকে।

রক্ষণ সামলে রেখে পাল্টা আক্রমণে ওঠার কৌশল নিয়ে খেলা চেলসি এগিয়ে যায় ৪২ মিনিটে। মাঝমাঠে প্রায় বাঁ দিকের টাচলাইন থেকে সিটি বক্সের দিকে থ্রু বাড়িয়েছিলেন চেলসির ম্যাসন মাউন্ট। সিটির দুই সেন্টারব্যাকের ফাঁক গলে বক্সের দিকে দৌড়াতে থাকা হাভার্টজের পায়ে পড়ে বল। এগিয়ে আসা সিটি গোলকিপার এদেরসনকে ফাঁকি দিতে গিয়ে প্রথম চেষ্টায় পারেননি হাভার্টজ। কিন্তু বল এদেরসনের গায়ে লেগে একটু সামনে হাভার্টজের গতিপথেই গিয়ে পড়ে। ফাঁকা পোস্টে বল জড়ান এই জার্মান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠে দুবার শিরোপা জিতল চেলসি। ২০০৭-০৮ আসরে প্রথমবার ফাইনালে উঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা। চার বছর পর বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারেই হারিয়ে প্রথম ইউরোপ সেরার মুকুট পরেছিল দলটি।

কোচিং ক্যারিয়ারে দ্বিতীয় ফাইনালে এসে প্রথমবারের মতো এই শিরোপা জিতলেন টুখেল। গতবার পিএসজিকে ফাইনালে তুলেছিলেন তিনি, শিরোপা লড়াইয়ে বায়ার্নের বিপক্ষে হেরেছিল তার তখনকার দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.