স্পোর্টস ডেস্ক | ০২ জুন, ২০২১
১১ বছর পর প্রথম শিরোপাহীন মৌসুম কাটানো রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ফিরিয়েছে কার্লো আনচেলত্তিকে। ৬১ বছর বয়স্ক এই ইতালিয়ানের সঙ্গে তিন বছরের চুক্তি করছে রিয়াল। মঙ্গলবার আনচেলত্তিকে ফেরানোর কথা জানায় রিয়াল মাদ্রিদ। আগের দফায় ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি।
আনচেলত্তি এভারটনের কোচ হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি এসি মিলানের হয়ে দুইবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তার কোচিংয়ে রিয়াল ইউরোপিয়ান শীর্ষ ফুটবলে দশম শিরোপা জিতেছিল, যেটি ‘লা দেসিমা’ নামে পরিচিত।
এছাড়া ইতালিতে মিলানের হয়ে, ইংল্যান্ডে চেলসির হয়ে, পিএসজির হয়ে ফ্রান্সে এবং জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া শীর্ষ লিগ জয়ের কীর্তি আছে তার।
প্রথম মৌসুমে আনচেলত্তির হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাওয়া পর চোট জর্জর রিয়াল ২০১৪-১৫ মৌসুমে বড় কোনো শিরোপা জিততে ব্যর্থ হয়। ফলে বিদায় ঘণ্টা বেজে যায় তার। এবারও চোট জর্জর রিয়ালকে শিরোপা এনে দিতে ব্যর্থ হন আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করা জিনদিনে জিদান।
ওই মেয়াদে আনচেলত্তির কোচিং রিয়ালের স্মরণীয় সাফল্য ছিল ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত টানা ২২ ম্যাচ জয়। এ সময়ে ৮০ গোল দিয়ে মাত্র ১০টি হজম করেছিল তারা।
সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির কোচ হিসেবে আগের দফায় আনচেলত্তির জয়ের হার ছিল ৭৫ শতাংশ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৯ ম্যাচের মধ্যে ৮৯টিতে জিতেছিলেন তিনি। রিয়াল কোচ হিসাবে অন্তত ৫০ ম্যাচে দায়িত্ব পালন করাদের মধ্যে আনচেলত্তির জয়ের হার সবচেয়ে বেশি।