Sylhet Today 24 PRINT

নেইমার-রিচার্লিসনের গোলে ব্রাজিলের পাঁচে পাঁচ

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুন, ২০২১

একুয়েডরের বিপক্ষে জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। পাঁচ ম্যাচের সবটিতে জিতে শীর্ষে রয়েছে সেলেসাওরা।

শনিবার বাংলাদেশ সময় সকালে পোর্তো আলেগ্রের স্তাদিও রিও-বেইরাতে একুয়েডরকে ২-০ ব্যবধানে হারাল তিতের দল। গোল করেছেন রিচার্লিসন ও নেইমার। গোল দুটি হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

এই জয়ে পাঁচ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৫; আর্জেন্টিনা সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা একুয়েডরের অর্জন ৫ ম্যাচে ৯ পয়েন্ট। সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে প্যারাগুয়ে চারে, উরুগুয়ে পাঁচে ও কলম্বিয়া ছয়ে অবস্থান করছে।

আক্রমণ আর বলের নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই চালকের আসনে ছিল ব্রাজিল। প্রথমার্ধে তবু তারা গোলের দেখা পায়নি, ম্যাচে সব মিলিয়ে প্রতিপক্ষের গোলমুখে তারা শট নেয় ১৬টি। যার মধ্যে লক্ষ্যে ছিল সাতটি। অন্যদিকে, একুয়েডরের তিনটি শটের একটিও ছিল না লক্ষ্যে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। নেইমার ডি-বক্সের ভেতরে খুঁজে নেন এভারটনের ফরোয়ার্ড রিচার্লিসনকে। বাঁ পায়ের জোরালো বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলরক্ষক দমিঙ্গেজ হাত ছোঁয়ালেও বল ফেরাতে পারেননি।

যোগ করা সময়ে ডি-বক্সে জেসুস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নেইমারের দুর্বল স্পট-কিক অনায়াসে রুখে দেন দমিঙ্গেজ। কিন্তু শট নেওয়ার আগেই তিনি লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। ফলে আবার সুযোগ পায় ব্রাজিল। দ্বিতীয় দফায় কোনো ভুল করেননি নেইমার। গোলরক্ষককে বোকা বানিয়ে ডান দিকের জাল খুঁজে নেন তিনি। জাতীয় দলের জার্সিতে ২৯ বছর বয়সী তারকার এটি ৬৫তম গোল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.