স্পোর্টস ডেস্ক | ০৮ জুন, ২০২১
সুনীল ছেত্রির জোড়া গোলে বাংলাদেশকে হারিয়েছে ভারত। কাতারের দোহায় সোমবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলা ভারতের সব আক্রমণ রুখে দিচ্ছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে হারেনি বাংলাদেশ। দৃঢ় রক্ষণে ভারতকে রুখে দেওয়ার এবারের পাঠ সমাপ্তির পথে ম্যাচের ৭৯তম মিনিটে ছেদ পড়ল।
ম্যাচের ৭৯ মিনিটে বিপিন সিংয়ের বদলে মাঠে নামা মোহাম্মদ আশিক কুরুনিয়ানের লম্বা এক ক্রস থেকে দারুণ হেডে সুনীল ছেত্রি এগিয়ে নেন ভারতকে। এরপর যোগ হওয়া সময়ে আরেকবার গোল করে জয় এনে দেন ভারতের অধিনায়ক।
এই জোড়া গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ৭৪তম গোল করলেন ছেত্রি।