সিলেটটুডে ডেস্ক | ১৯ জুন, ২০২১
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া কেভিন ও’ ব্রায়েন আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান শুক্রবার নিজের অবসর ঘোষণা দেন। ৩৭ বছর বয়সী ও’ ব্রায়েন টেস্ট এবং টি-টোয়েন্ট চালিয়ে যাবেন।
ক্রিকেটের তিন ফরম্যাটের একটি ছেড়ে দেওয়া প্রসঙ্গে ৩৭ বছর বয়সি ও’ব্রায়েন বলেন, ‘আয়ারল্যান্ডের হয়ে ১৫ বছর খেলার পর আমার মনে হয়েছে যে, ওডিআই থেকে অবসর নেওয়ার এখনই সময়।’
২০০৬ সালে আয়ারল্যান্ডের প্রথম স্বীকৃত ওডিআইতে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয় ২২ বছর বয়সে। ১৫৩ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৬১৮ রান করেন ও’ব্রায়েন। উইকেট নিয়েছেন ১১৪টি, যা আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ। তার নেওয়া ৬৮ ক্যাচ আরেকটি জাতীয় রেকর্ড। ১৫৩ ওয়ানডের মধ্যে তিনি ৯৫টি ম্যাচ খেলেছেন তার বড় ভাই নিল ও’ব্রায়েনের সঙ্গে। নিল অবসর নেন ২০১৮ সালে।