স্পোর্টস ডেস্ক | ২৯ জুন, ২০২১
গোল মিসের মহড়াকে যদি পাশ কাটিয়ে যাওয়া যায় তবে এই ম্যাচটা ছিল গোলবন্যার, ঠিক আট গোলের ম্যাচের। সেই আট গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হাসল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন।
সোমবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৫–৩ গোলে হারিয়েছে স্পেন। আজ রাতের অপর ম্যাচে মুখোমুখি হওয়া ফ্রান্স অথবা সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাবে স্প্যানিশরা।
ম্যাচের ২০তম মিনিটে খেলার ধারার বিপরীতে প্রথম গোল খেয়ে বসে স্পেন। এখানে অবশ্য ক্রোয়াটদের কৃতিত্ব নেই, আছে স্প্যানিশদেরই ব্যর্থতা। মিডফিল্ডার পেদ্রি মাঝমাঠ থেকে ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষক উনাই সিমনকে। বলটাকে ধরতে গিয়ে তার পায়ে লেগে চলে গেল জালে। এবারের ইউরোতে নবম আত্মঘাতী গোল এটি।
এক গোলে পিছিয়ে থাকা স্পেন সমতায় ফিরে ম্যাচের ৩৮তম মিনিটে। ডি-বক্সের ভেতর থেকে পাবলো সারাবিয়ার জোরালো শট কাঁপায় ক্রোয়েশিয়ার জাল।
৫৭ মিনিটে সেজার আজপিলেকেতা ও ৭৭ মিনিটে ফেরান তোরেসের গোলে ৩–১ গোলে এগিয়ে যায় তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।
এরপর ক্রোয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর পালা। ৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় মিসলাভ ওরসিচের গোলে ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় ক্রোয়াটরা। ওরসিচের ক্রস থেকে মারিও পাসালিচ হেডে গোল করে ম্যাচকে নিয়ে যান অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবালের গোল স্প্যানিশদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দেয়।