Sylhet Today 24 PRINT

বিপিএল-এর উদ্বোধন আজ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার (২০ নভেম্বর)। তবে ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামি রবিবার (২২ নভেম্বর) থেকে।

বিপিএলের অনুষ্ঠান মাতাতে আসছেন বলিউড তারকা হৃত্বিক রোশন এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। মিরপুরের হোম অব ক্রিকেটে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। বিপিএলের উদ্বোধনী কনসার্টের টাইটেল স্পনসর হয়েছে ডিবিএল গ্রুপ।

এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর, বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের হোম অব ক্রিকেটে জমকালো উদ্বোধনী, চলছে শেষ সময়ের প্রস্তুতি।

আনুষ্ঠানিক মিট দ্য প্রেসে স্পনসরশিপের ঘোষণা দেন ডিবিবিএল এবং চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, এমন একটা অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়ে আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ।

কড়া নিরাপত্তায় হবে ওপেনিং কনসার্ট। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন, হার্টথ্রব জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউড সিঙ্গার কেকে, বাংলাদেশী ব্যান্ড এলআরবি এবং মমতাজসহ থাকবে প্রিয় শিল্পীদের পরিবেশনা।

এই অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করেছেন বিসিবি পরিচালক শেখ সোহেল।

বিকেল ৩টায় খুলে দেওয়া হবে গেট। সাড়ে ৫টা থেকে একের পর এক মঞ্চে আসবেন তারকা শিল্পীরা। রাত ৮টায় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান এমপি উদ্বোধন ঘোষণা করবেন বিপিএল সিজন থ্রি এর।

উদ্বোধনের পর একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর শুরু হবে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টুয়েন্টি লড়াই। প্রথম দিনই সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের চিটাগং ভাইকিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.