Sylhet Today 24 PRINT

হারারে টেস্ট: সাদমানের প্রথম সেঞ্চুরি, শান্তর দ্বিতীয়

স্পোর্টস ডেস্ক |  ১০ জুলাই, ২০২১

হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলামের অভিষেক সেঞ্চুরির পর এবার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। তার উপর ভিত্তি করেই লিডের পাহাড় গড়ছে সফররত বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রান তুলেছে টাইগাররা। ফলে লিড গিয়ে দাঁড়িয়েছে ৪৭৬ রানে।

তৃতীয়দিনের খেলায় গতকাল শেষ বিকেলে ৪৫ রানে দিনশেষে করেছিল সাদমান-সাইফ। আজ ফের ক্রিজে ফেরেন দুজনই। ওপেনিং জুটিতে তুলেছেন ৮৮ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন সাইফ। কিন্তু ৩১তম ওভারে জিম্বাবুইয়ান পেসার এনগারাভার বলে মেয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজফরে ফেরেন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ৪৩ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে হেসে-খেলে সাদমান এবং শান্ত মিলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের শাসন করে যাচ্ছেন। এখন পর্যন্ত দুজন মিলে তুলে নিয়েছেন অপ্রতিরোধ্য ১৮৬ রানের জুটি। দুজনই তুলে নিয়েছেন শত রানের ইনিংস। আর সাদমান ১১৫ রানে এবং শান্ত খেলছেন ১১৭ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ অপ্রতিরোধ্য সেঞ্চুরি এবং মুমিনুল, লিটন এবং তাসকিনদের হাফসেঞ্চুরির উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে পাহাড় সমান ৪৬৮ রান সংগ্রহ করে সফররত বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ঘূর্ণিতে মাত্র ২৭৬ রানেই অলআউট হয়েছে রোডেশিয়রা। তাদের ইনিংস শেষে বাংলাদেশ লিড পায় ১৯২ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান নেন চারটি উইকেট। আর একটি উইকেট তাসকিনের।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.