Sylhet Today 24 PRINT

সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া দলে ইনজুরির হানা

স্পোর্টস ডেস্ক |  ০২ আগস্ট, ২০২১

আগেই জানা ছিল সফরকারীদের দলে নেই অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সদের মতো তারকারা। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে খেলতে পারছে না তারা। এবার সিরিজ শুরুর আগের দিন চোটের কারণে আরও একজনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোঁটের কারণে ছিটকে গেলেন ফাস্ট বোলার রাইলি মেরেডিথ।

সোমবার (২ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, সাইড স্ট্রেইন নিয়ে মাঠের বাইরে যেতে হচ্ছে মেরেডিথকে। আর তাই রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা ২৬ বছর বয়সী পেসার ন্যাথান এলিসকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

গত বিগ ব্যাশে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে নজর কাড়েন এলিস। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং বেশ কার্যকর। অন্যদিকে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে। ডান হাঁটুর ইনজুরি বেশ ভোগাচ্ছিল তাকে। তাই টাইগার বঁধে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকেই অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার দেওয়া কঠোর বিধিনিষেধে এবার এ সিরিজে খেলতে পারবেন না মুশফিক। ইনজুরিত আছেন তামিম এবং ব্যক্তিগত কারণে খেলবেন না লিটন। তামিম-লিটন না থাকায় ওপেনিং নিয়েও কিছুটা দুশ্চিন্তায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডার নিয়েও আছে ভাবনা। সে জন্য বিকল্প ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শেখ মেহেদী।

তিন দিনের কোয়ারেন্টাইন শেষে রোববার (১ আগস্ট) সকালে মিরপুরে কঠোর বিধিনিষেধের মধ্যে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ১৭ ক্রিকেটারের সবাই এদিন মাঠে আসেন। বিকালে অনুশীলনে নামেন অজিরা।

মঙ্গলবার (৩ আগস্ট) মাঠে গড়াবে দু’দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

শুধু টি-টোয়েন্টি না। ওয়ানডে কিংবা টেস্টেও বাংলাদেশের বিপক্ষে নানা অজুহাত দেখিয়ে সিরিজ খেলতে চায় না অজিরা। এবার টি-টোয়েন্টি সিরিজে ক্যাঙ্গারু বধ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মোক্ষম জবাব দেওয়ার উপযুক্ত সময় এসেছে। প্রথম সারির অনেক ক্রিকেটার না আসায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.