Sylhet Today 24 PRINT

প্যারিসে মেসি

স্পোর্টস ডেস্ক |  ১০ আগস্ট, ২০২১

বার্সেলোনার সঙ্গে সম্পর্কচ্ছেদের পর পিএসজিতে যাচ্ছেন লিওনেল মেসি- এনিয়ে ছিল জোর আলোচনা। এরই মধ্যে গুজব ওঠেছিল বার্সেলোনার নতুন প্রস্তাবের। তবে সব আলোচনার সমাপ্তি ঘটল। প্যারিসে গেলেন মেসি। বিমানবন্দরে নেমেই পেলেন বীরোচিত সংবর্ধনা।

পিএসজির সঙ্গে মেসির চুক্তির খুঁটিনাটি নিয়ে দুই পক্ষ একমত হয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি কেবল।

বার্সেলোনার বিমানবন্দরে সপরিবারে মেসির নামার পর নেইমার ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তার একটি ভিডিও ক্লিপ দিয়ে বলেছেন, আবার একসঙ্গে।

এর মধ্যে ফ্রেঞ্চ সাংবাদিক মোহামেদ বোহাফসি বলেছেন, ‘প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মেসি।’ মেসিকে অভ্যর্থনা জানানোর জন্য লাল গালিচা পেতে দেওয়া হয়েছিল। প্যারিসে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। তবু মেসির মেডিকেলের কোনো খবর আসছিল না। এর মধ্যেই সব সন্দেহ দূর হয়ে গেল এক ভিডিওতে।

ভিডিওর শুরু ও শেষে বলা হয়েছে দলবদলের খবর। মাঝে বলা হয়েছে, নতুন একটি হিরে পাচ্ছে দল। কিন্তু পুরো ভিডিওর কোথাও মেসির নাম নেই। নেই তার ছবিও। কিন্তু ভিডিওর গতি কমিয়ে নিলেই রহস্য ভেদ হয়। এই তো দেখা যাচ্ছে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারীকে। আবার একটা গ্লাসে আর্জেন্টিনার পতাকার ছায়া। ওদিকে আইফেল টাওয়ারের সামনে ছয়টি ব্যালন ডি’অর।

আরেকটি চিত্রে নেইমার ও এমবাপ্পের জার্সির মাঝে একটি শূন্যস্থান সৃষ্টি করা। সব ইঙ্গিতের উত্তর একটি—লিওনেল মেসি।

বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় পিএসজির মাঠের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন হবে। সেখানেই আসবে মেসি ও পিএসজির আনুষ্ঠানিক পথচলার ঘোষণা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.