Sylhet Today 24 PRINT

রোনালদো ছাড়া ছন্নছাড়া জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২১

গত তিন মৌসুমে ত্রিশের বেশি গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়েছেন, পাড়ি জমিয়েছেন পুরনো ম্যানচেস্টার ইউনাইটেডে। আর রোনালদোবিহীন খেলতে নেমে ছন্নছাড়া জুভেন্টাস এবার হেরে গেছে নবাগত এম্পোলির কাছে।

প্রথম ম্যাচে কোনোমতে ড্র করা জুভেন্টাসের শেষ রক্ষা হয়নি এবার। আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে সেরি আর ম্যাচে ১-০ গোলে জিতেছে এম্পোলি।

কোচ আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করে দ্বিতীয় দফায় দলটির দায়িত্ব দেওয়া হয় আল্লেগ্রিকে। ৫৪ বছর বয়সী এই ইতালিয়ানের হাত ধরে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের দেখাই মিলল না। প্রথম রাউন্ডে উদিনেজের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পর গোলরক্ষকের দুই ভুলে ২-২ ড্র করেছিল জুভেন্টাস। অন্যদিকে, লাৎসিওর বিপক্ষে ৩-১ গোলে হেরে শুরু করা এম্পোলি পেল প্রথম জয়।

সেরি ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে আসা এম্পোলির হয়ে ম্যাচের একমাত্র গোল করেন দলটির অধিনায়ক লিওনার্দো মানকুসো।

দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমে গেছে জুভেন্টাস। শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে লাৎসিও শীর্ষে, গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.