স্পোর্টস ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৫
এ যেনো জাদুকরের প্রত্যাবর্তন ! আসলেন, দেখলেন এবং জয় করলেন। সুয়ারেস-নেইমার জুটি আগের মতো ছন্দময়; চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসিও নিজেকে মেলে ধরলেন সেই চেনা রূপে। তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বার্সেলোনার কাছে এএস রোমা এক কথায় উড়ে গেল।
কাম্প নউতে মঙ্গলবার রাতে রোমার বিপক্ষে বার্সেলোনার জয়টি ৬-১ ব্যবধানের। মেসি ও সুয়ারেস দুটি করে গোল করেন; অপর দুই গোলদাতা জেরার্দ পিকে ও আদ্রিয়ানো। রোমার একমাত্র গোলদাতা এদিন জেকো।
দাপুটে এ জয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগে ইতালি থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
ইউরোপ সেরার আসরে ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের লম্বা করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সুয়ারেসকে দেন দানি আলভেস; উরুগুয়ে ফরোয়ার্ড নিখুঁত শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করেন।
তিন মিনিট পরই চোটের কারণে লম্বা বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা মেসি গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা। নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে করতে মেসিকে বল বাড়ান সুয়ারেস; বাঁ দিক থেকে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের শট মাটিতে পড়ে অনেকটা বাক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।