Sylhet Today 24 PRINT

মেসির জার্সি ফাতির

স্পোর্টস ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার ২১ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে গত মাসেই। দলে থাকতে চেয়েও থাকতে পারেননি মেসি। কান্নায় শেষ হয়েছে তার বার্সা-অধ্যায়। কাতালান ক্লাবটিতে মেসি পরতেন ১০ নম্বর জার্সি। মেসির বিদায়ের পর এখন থেকে এই জার্সি পরে খেলবেন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি।

বার্সেলোনা ক্লাবের ওয়েবসাইটে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্সেলোনায় মেসির আগে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন রিভালদো, রোনালদিনহোর মতো তারকারা। ২০০৮ সালে রোনালদিনহো ক্লাব ছাড়ার পর থেকেই বিখ্যাত এই জার্সিতে খেলছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার সেটি উঠছে ফাতির গায়ে। এর আগে ২২ ও ১৭ নম্বর জার্সিতে খেলেছেন ফাতি।

বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন ফাতি গত বছরের অগাস্টে। চাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি। স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতাও এই তরুণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.