Sylhet Today 24 PRINT

বাছাইপর্বে ৬৬ ম্যাচ পর স্পেনের হার, জেতেনি ইতালিও

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব

নিউজ ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২১

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের টানা ৬৬ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের মুখ দেখল স্পেন।

বৃহস্পতিবার রাতে স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় ‘বি’ গ্রুপের ম্যাচে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সুইডেন।

সবশেষ ১৯৯৩ সালে ডেনমার্কের কাছে হেরেছিল তারা। গত ২৮ বছরে ৫২ জয়ের বিপরিতে ছিল ১৪ ড্র।

ম্যাচের চতুর্থ মিনিটে কার্লোস সোলারের গোলে এগিয়ে যায় স্পেন। পরের মিনিটেই অ্যালেক্সজান্ডার ইসাকের গোলে সমতায় ফেরে সুইডেন। আর ম্যাচের ৫৭তম মিনিটে ভিক্টর ক্লায়েসনের গোলে এগিয়ে যাওয়া সুইডেন শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে ম্যাচ জিতে নেয়।

এদিকে, ‘সি’ গ্রুপের এক ম্যাচে ইউরোজয়ী ইতালিকে রুখে দিয়েছে বুলগেরিয়া। ম্যাচের পুরোটা সময় বলের নিয়ন্ত্রণ রেখেও কাঙ্ক্ষিত জয় মেলেনি রবের্তো মানচিনির দলের।

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের ‘সি’ গ্রুপের ম্যাচে ম্যাচটি ১-১ ড্র হয়। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচে ১৬তম মিনিটে ফ্রেদেরিকো চিয়েসার গোলে এগিয়ে যায় ইতালি। কিন্তু এই লিড ধরে রাখতে পারেনি তারা। ৩৯তম মিনিটে আতানাস ইলিয়েভের গোলে সমতায় ফেরে বুলগেরিয়া। এরপর একের পর এক আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি ইতালি।

চলতি বাছাইয়ে টানা তিন জয়ের পর এই প্রথম পয়েন্ট হারাল ইতালি। তবে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আজ্জুরিরা। দ্বিতীয় ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে বুলগেরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.