স্পোর্টস ডেস্ক | ০৩ সেপ্টেম্বর, ২০২১
কাতার বিশ্বকাপের দক্ষিণ অঞ্চলের বাছাইপর্বে ভেনিজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকালে ৩-১ গোলে হারায় লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার হয়ে গোলগুলো করেছেন লাউতারো মার্তিনেস, হোয়াকিন কোররেয়া ও আনহেল কোররেয়া। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সতেলদো।
ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকা আর্জেন্টাইনরা একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না। এরইমধ্যে ম্যাচের ২৯তম মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে বসেন লুইস মার্তিনেস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে দেন লাল কার্ড।
প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের দ্বিতীয় মিনিটে জিওভানি লো সেলসোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন লাউতারো মার্তিনেস।
৭১তম মিনিটে লাউতারো মার্তিনেসের পাস থেকে গোল করেন লাৎসিওর ফরোয়ার্ড হোয়াকিন কোররেয়া।
তিন মিনিট পর স্কোরলাইন ৩-০ করে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন আনহেল কোররেয়া। মার্তিনেসের শট গোলরক্ষক ঠেকালেও বল হাতে রাখতে পারেননি, ছুটে গিয়ে বল জালে পাঠান আনহেল।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পানেনকা স্পট কিকে একটি গোল শোধ করেন সতেলদো। তিনি নিজেই বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় ভেনিজুয়েলা।
সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট হলো ১৫।