Sylhet Today 24 PRINT

গিনেজ বুকে আরও একবার ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২১

বিশ্বের সকল প্রকার রেকর্ড সংরক্ষণ করার আন্তর্জাতিক ও জনপ্রিয় বইয়ে আরও একবার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম লিপিবদ্ধ হয়েছে। পুরুষদের ফুটবলে সর্বোচ্চ গোল করার পর গিনেজ বুক কর্তৃপক্ষ অনন্য এই রেকর্ড লিপিবদ্ধ করার কথা জানায়।

অবশ্য গিনেজ বুকে পর্তুগিজ এই মহাতারকার নাম এবারই প্রথমবার উঠেনি। এর আগেও এই বইয়ে রোনালদোর নামে একগাদা রেকর্ড লিপিবদ্ধ আছে। ইউরোপীয় ফুটবলের সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালে সর্বোচ্চ গোল (১৩৪), যেকোন একক আসরে প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল (১৭), উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বে সর্বোচ্চ গোল (২৩) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম সর্বোচ্চ অনুসারী ৩৩৩ মিলিয়ন, খেলোয়াড়দের মধ্যে ফেসবুকে সর্বোচ্চ লাইক প্রায় ১৪৯ মিলিয়ন ও উইকিপিডিয়ায় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিউ ১১২,০০০,০০০ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডও পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দখলে।

সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করে আন্তর্জাতিক ফুটবলে ছুঁয়েছিলেন ইরানের আলি দাইয়ীকে। বিশ্বকাপ বাছাইপর্বে ফিরে গোল আয়ারল্যান্ডের বিপক্ষে করলেন জোড়া গোল। আর তাতেই আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন এককভাবে। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১১১টি। তার ধারেকাছেও নেই এইসময়ে ফুটবল খেলা কেউ।

ছেলেদের ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে ৯০ এর বেশি গোল আছে কেবল দাইয়ী ও রোনালদোর। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (১৪) ও ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ (২১) গোলের রেকর্ডও তার দখলে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো ক্লাব ফুটবলের সেরা এই প্রতিযোগিতায়ও সর্বোচ্চ গোলের মালিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.