Sylhet Today 24 PRINT

ফিলিস্তিনের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২১

ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ।

রোববার কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা।

র‌্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা সবদিক থেকেই এগিয়ে ফিলিস্তিনিরা। বাংলাদেশের চেয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিন শুরু থেকে রক্ষণে চাপ দিয়ে খেলতে থাকে।

ফলও পায় তারা ম্যাচের ৩৩তম মিনিটে। সতীর্থের লম্বা পাস ধরে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ করেন মাহমুদ। জালের দিকে ছুটতে থাকা বলে শেষ মুহূর্তে টোকা দিয়ে গোলটি নিজের করে নেন লায়েথ খারৌব।

বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন। বাঁ দিক থেকে মাহমুদের ক্রসে বক্সের ভেতর থেকে সামান্য লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইয়াসের হামদ।

আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন। আগামী মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.