Sylhet Today 24 PRINT

জার্সি বিক্রিতে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, এরপর রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস; এবারের মিশন ফের ঘরে ফেরা। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ফেরা তার এক যুগ পর। ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে ফিরে পাওয়া ম্যানইউ সমর্থকদের জন্য অন্য রকম আনন্দের। সেই আনন্দ প্রকাশের ধারায় ভাঙছে একের পর এক রেকর্ড।

ইনস্টাগ্রাম অনুসারীর নতুন রেকর্ড গড়ার পর এবার জার্সি বিক্রিতেও রেকর্ড গড়লেন রোনালদো। চার ঘণ্টারও কম সময়ে দৈনিক জার্সি বিক্রির রেকর্ড ভেঙেছেন সিআরসেভেন। ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও।

ম্যানইউতে যোগ দেওয়ার পর সবার চোখ ছিল ৭ নম্বর জার্সির দিকে। গত মৌসুমে এডিনসন কাভানি এই জার্সি পরে খেলেছিলেন। তবে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, রোনালদোই পাচ্ছেন বিখ্যাত ৭ নম্বর জার্সিটি।

এরপরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে রোনালদোর ৭ নম্বর জার্সি বিক্রি। এক পর্যায়ে তা দৈনিক বিক্রির রেকর্ডও ভেঙে দেয়। জার্সি বিক্রিতে নতুন রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ কর্তৃপক্ষও।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, রোনালদো ৭ নম্বর জার্সি পরবে এটি নিশ্চিত হওয়ার পর থেকেই বিক্রিতে ধুম লাগে। অনলাইনে ভক্তরা জার্সির অর্ডার দিতে শুরু করেন। যা উত্তর আমেরিকার বাইরে কোনো নির্দিষ্ট ক্রীড়া সামগ্রী মার্চেন্ডাইজ সাইটের এক দিনের বিক্রিতেও নতুন রেকর্ড গড়েছে।

ম্যানইউয়ের অফিশিয়াল রিটেইল পার্টনার ফ্যানাটিকসও জার্সি বিক্রিতে নতুন রেকর্ড ছোঁয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় জার্সি বিক্রিতে রোনালদো ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। অনলাইনের পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে ক্লাবের দোকানেও ভক্তরা রোনালদোর জার্সি কিনতে ভিড় জমিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.