Sylhet Today 24 PRINT

বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পর্তুগাল

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২১

বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে পর্তুগাল। মঙ্গলবার বাকু অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় পর্তুগাল।

পর্তুগালের হয়ে গোল করেন বের্নার্দো সিলভা, আন্দ্রে সিলভা ও দিয়োগো জটা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখা পর্তুগাল এগিয়ে যায় ২৬তম মিনিটে। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো ক্রসে কাছ থেকে বের্নার্দো সিলভার কোনাকুনি ভলি দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এর পাঁচ মিনিট পর পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতায় গোলমুখে ফাঁকায় বল পেয়ে কাছ থেকে টোকায় পোস্ট ঘেঁষে গোলটি করেন আন্দ্রে সিলভা।

৭৫তম মিনিটে জোয়াও কানসেলোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সার্বিয়া। পাঁচ ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

আগামী ১২ অক্টোবর ঘরের মাঠে পর্তুগালের প্রতিপক্ষ লুক্সেমবার্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.