স্পোর্টস ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০২১
সপ্তম আন্তর্জাতিক হ্যাটট্রিকে সর্বকালের সেরা ফুটবলার পেলের আরও একটি রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বলিভিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিক করা ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে।
এই ম্যাচের মাধ্যমে মেসি পেলের ৭৭ গোলের রেকর্ড টপকে গেছেন। মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ৭৯। এই তালিকায় নয়টি হ্যাটট্রিকসহ ১১১ গোল করে সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচের চতুর্দশ মিনিটে লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে ডিফেন্ডার লুইস হাকিনের বাধা এড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের উঁচু শটে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক।
৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করার ফাঁকে দ্রুত ডি-বক্সে ঢুকে নিচু শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। তার প্রথম শটটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার পর দ্বিতীয় প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
এই গোলেই মেসি ছাড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে।
৭৪তম মিনিটে কাছ থেকে আবারও জালে বল পাঠান মেসি, কিন্তু এ যাত্রায় গোল মেলেনি। অফসাইডে ছিলেন তিনি।
মেসির সাত হ্যাটট্রিকের প্রতিপক্ষরা হলো সুইজারল্যান্ড, ব্রাজিল, গুয়েতামালা, পানামা, ইকুয়েডর, হাইতি ও বলিভিয়া।