Sylhet Today 24 PRINT

সিলেটে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশের যুবারা

আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২-০’তে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০২১

স্বল্প রানের পুঁজি গড়লো আফগানিস্তান। সহজ লক্ষ্যে বাংলাদেশের শুরুটা হলো দারুণ। কিন্তু মরণ ছোবল দিতে চাইলো আফগান যুবারা। বাংলাদেশ ২৫ রানের মধ্যে হারালো পাঁচ উইকেট। জমে ওঠলো ম্যাচ। তবে একপ্রান্তে আইচ মোল্লা ছিলেন অবিচল। শেষপর্যন্ত তাই পথ হারায়নি টাইগার যুবারা।

আফগানিস্তানের দেওয়া ১০২ রানের লক্ষ্য ৭ উইকেট হারিয়ে ছুঁয়ে দেন নাইমুর রহমানরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  রোববার ৩ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ২১ রানে প্রথম ধাক্কা খায়। রিপন ম-ল ফিরিয়ে দেন সুলিমান সাফিকে। প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করা সাফি এবার ফিরেন ৩ রান করে। ৪১ রানে দ্বিতীয় ও ৪৪ রানে তৃতীয় উইকেট হারানোর আগ পর্যন্ত তাদের ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, এমনটা বোঝা যায়নি। এ দুই উইকেটই যায় গোলাম কিবরিয়ার পকেটে। মোহাম্মদ ইসহাক জাজাইকে (১২ রান) বোল্ড করার পর নিজের পরের ওভারে সাবাউন বানুরিকে প্রান্তিকের ক্যাচে পরিণত করেন কিবরিয়া। সাবাউনের ব্যাট থেকেই আসে আফগানদের ইনিংস সর্বোচ্চ ২৫ রান।

বাঁহাতি স্পিনার নাইমুর রহমান শিকার শুরু করেন একই ওভারে জোড়া উইকেট দিয়ে। ইজাদ আহমাদ আজাদকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলার পর আল্লাহ নূর নাসেরিকে লেগ বিফোরে ফিরিয়ে দেন নাইমুর। ৬৫ রানে পাঁচ উইকেট হারানো আফগানরা ৮১ থেকে ১০১ রানে যেতে হারায় শেষ পাঁচ উইকেট। সফরকারীরা শত রান পার হয় কামরান হোটাকের অপরাজিত ১৮ রানে ভর করে। ৪২.৩ ওভারে ১০১ রানে শেষ হয় আফগানদের ইনিংস। ঘূর্ণিতে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন নাইমুর রহমান। তাঁর বোলিং ফিগার ছিল এরকম: ১০-৪-১৪-৪! গোলাম কিবরিয়া দুটি, রিপন ও মেহরব হাসান একটি করে উইকেট নেন।

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও ভালো শুরু হয় বাংলাদেশের। মফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৭ রান তুলে হন বিচ্ছিন্ন। ৩ চার ও এক ছয়ে ২৩ বলে ২৪ রান করা নাবিলকে ফেরান শহিদউল্লাহ হাসানি। গেল যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য নাবিল প্রথম ম্যাচে করেছিলেন ৪২ রান। ৩৯ বলে ৩ চার ও এক ছক্কায় ৩১ রান করা মফিজুলকে বোল্ড করে দেন ইজহারুল হক নাভিদ। এই লেগ স্পিনার আরিফুল ইসলামের স্টাম্প ছত্রখান করার পর শূন্য হাতে ফিরিয়ে দেন টাইগার দলপতি মেহরব হাসানকেও।

৭০ থেকে ৯৫ রানে যেতে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট। এর মধ্যে শহিদউল্লাহ হাসানি পরপর দুই ওভারে খালিদ হাসান ও তাহজিবুল ইসলামকে ফিরিয়ে দিয়ে আফগানদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। নাভিদের লেগ স্পিনে গোলাম কিবরিয়া বোল্ড হলেও বাংলাদেশের বিপদ আরো বাড়ে। তবে পথ হারাতে দেননি আইচ মোল্লা। তার ২৬ বলে ১৬ রানের ছোট্ট কিন্তু দৃঢ় ইনিংসে সঙ্গ দেন ৬ রান করা রিপন।

২৩.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে নাইমুর রহমানের হাতে। একই ভেন্যুতে আগামীকাল মঙ্গলবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে জয়ী হওয়া বাংলাদেশ এ ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চাইবে।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪২.৩ ওভারে ১০১ রান (বানুরি ২৫, সাফি ৩, ইসহাক ১২, ইজাজ ৯, নূর ১২, কামরান ১৮*, আহমাদজাই ১০, খারোতে ১, নাভিদ ০, হাসানি ৪, বিলাল ০। আশিকুর ৭-০-২৭-০, রিপন ৯-১-২৬-১, কিবরিয়া ৮-০-২০-২, মেহরব ৮.৩-০-১৪-১, নাইমুর ১০-৪-১-১৪-৪)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩.১ ওভারে ১০২/৭ (মফিজুল ৩১, নাবিল ২৪, আরিফুল ১০, আইচ ১৬*, মেহরব ০, খালিদ ২, তাহজিবুল ৬, কিবরিয়া ৩, রিপন ৬*। বিলাল ৪-১-২৭-০, আহমাদজাই ২-০-২-০, কামরান ২-০-১০-০, হাসানি ৬-০-৩০-৩, নাভিদ ৭.১-০-২৯-৪, খারোতে ২-০-৩-০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.