Sylhet Today 24 PRINT

নেইমার-ইকার্দির গোলে লিঁওকে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২১

অলিম্পিক লিঁওর বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুকাস পাকুয়েতোর গোলে লিঁও এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান ফরয়ার্ড নেইমার। আর শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাওরো ইকার্দির গোলে পিএসজি পায় কাঙ্ক্ষিত জয়। এই ম্যাচেও নেইমার-মেসি-এমবাপে শুরু থেকে খেললেও লিওনেল মেসি পাননি তার প্রথম গোল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে এগিয়ে যায় লিঁও। প্রতি-আক্রমণে টোকো একাম্বির কাছ থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান লুকাস পাকুয়েতা। চলতি আসরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল।

৬৬তম মিনিটে সফল স্পট কিকে ম্যাচ সমতায় আনেন নেইমার। তাকেই মালো গুস্তো ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

৭৫তম মিনিটে মেসিকে এবং ৮২তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ। দি মারিয়ার জায়গায় ইকার্দি নামেন মাঠে। ৯৪তম মিনিটে এমবাপের দারুণ ক্রসে হেডে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন ইকার্দি।

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। লিঁওর পয়েন্ট ৬ ম্যাচে ৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.