Sylhet Today 24 PRINT

ফের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২১

আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এনিয়ে টানা চারবার দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হলেন কিশোরগঞ্জের সাংসদ ও বেক্সিমকোর এই ঊর্ধতন কর্মকর্তা।

বৃস্পতিবার (৭ অক্টোবর) নব-নির্বাচিত কমিটির পরিচালকদের ভোটে এককভাবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০১২ সালে সরকারের মনোনীত হয়ে বিসিবির সভাপতির আসনে বসেছিলেন নাজমুল হাসান পাপন। পরের বছর প্যানেল নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। চার বছর পর অর্থাৎ ২০১৭ সালেও একইভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার আবারও একই পদে বসলেন আবাহনী লিমিটেডের এই কাউন্সিলর।

বুধবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন। ৫৭ ভোটের মধ্যে পেয়েছেন ৫৩টি। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবিতে এসেছেন পাপন। আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

অবশ্য নির্বাচনের আগে চিকিৎসকদের পরামর্শ উদ্ধৃত করে তিনি জানিয়েছিলেন, এবার সভাপতি নাও হতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.