Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ, ইউরো ও নেশন্স লিগ জয়ের বিরল রেকর্ড ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২১

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছে ফ্রান্স।

প্রথমে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দিদিয়ে দেশমের দল। বেনজেমার গোলে সমতার পর এমবাপের গোলে জয়ের উৎসবে মাতে ফ্রান্স। এতেই প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশন্স লিগ- এই তিন শিরোপা জয়ের কীর্তি গড়ল ফ্রান্স। বিশ্বকাপ ও ইউরো আগেই ঘরে তুলেছিল ফরাসিরা।

মিলানের জুঁইসেপে মেয়াজ্জা স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোল শূন্য ড্র। বিরতির পর ৬৪তম মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে লিড নেয় স্পেন। ডিফেন্ডার দায়তের বাধা ডিঙিয়ে বল নিয়ে তিনি পরাস্ত করেন ফরাসি গোলরক্ষক হুগো লরিসকে।

দুই মিনিট পর ফ্রান্সকে সমতায় ফেরান করিম বেনজেমা। এ সময় বক্সের বাম কোণায় এমবাপের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শট নেন বেনজেমা। বল স্পেনের গোলরক্ষকের হাত ছুঁয়ে জালভেদ করে।

ম্যাচের ৮০তম মিনিটে এমবাপে গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ে ফ্রান্স টানা ২৫ ম্যাচ ধরে অপরাজিত থাকলো। দেশটির ফুটবল ইতিহাসে এর আগে এমনটি ঘটেছে কেবল একবারই এবং সেটা ১৯৯৪ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৯ সালের মার্চ পর্যন্ত। ওই সময়ে তারা টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.