Sylhet Today 24 PRINT

‘বেডরুমে কী করছি তা জানার অধিকার কারও নেই’

স্পোর্টস ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

ক্রিকেটপাগল ভারতে অন্য খেলা যেখানে সব কিছুতেই পিছিয়ে ছিল সেখানে প্রায় একক প্রচেষ্টায় সেদেশে টেনিসকে জনপ্রিয় করেছেন সানিয়া মির্জা। টেনিস ডাবলসে বিশ্বে এক নাম্বার তারকা সানিয়া মির্জা, ভারতে নারী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয়ও করেন তিনি। কিন্তু প্রায়ই সানিয়াকে নিয়ে তৈরি হয় মুখরোচক খবর। যা নিয়ে তিনি বিব্রত হন, অপমানিত হন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সে বিষয়েই কথা বলেছেনে ভারতের টেনিস সেনশেশন সানিয়া।

সানিয়া মির্জার মতে, একজন নারী যতই সফলতা পাকনা কেন সে কবে মা হবে সে প্রশ্ন বোধহয় তাকে শুনতেই হয়।

এ প্রসঙ্গে সানিয়া মির্জা  বলেন, “এ প্রশ্নটা খুবই অসম্মানজনক। আমি যতই পাবলিক ফিগার হইনা কেন বেডরুমে আমি কী করছি তা জানার অধিকার কারও নেই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত। এই প্রশ্ন যে শুধু আমি শুনেছি তা নয়, অনেক নারীও শুনে। এমন প্রশ্ন কখনও কাউকে করা উচিত নয়”।

 সানিয়া মির্জা বলেন, “একজন নারী হিসেবে সামনে এগুনোর জন্য সফলতা পাবার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়”।

“আর একজন নারী যদি সামনের দিকে এগিয়ে যায় ক্যারিয়ার নিয়ে ভাবে তাহলে অনেক সময় তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। অনেকে বলে আরে ওতো বেশি বাইরে যাচ্ছে, ঘরের দিকে তাকাচ্ছেনা।

“যদি কাজের ক্ষেত্রে নারী কিছু অর্জনও করে তাহলে শুনতে হয়ে সেতো ‘ওভার এমবিশাস’ হয়ে যাচ্ছে! এমনকি অনেকে এটাও বলে যে মেয়েটা বিয়ে করছেনা কেন? কবে সে মা হবে?”

“অথচ একজন পুরুষকে কিন্তু সেটা শুনতে হয়না। পুরুষকে ভালো বলা হয়, তাকে প্রশংসা করা হয়; এমনকি এগিয়ে যাবার জন্য বেশি উৎসাহ দেয়া হয়”!! – বলেন সানিয়া মির্জা।

“আমার কাছে মনে হয়েছে আমি মেয়ে বলেই আমাকে বেশি কষ্ট করতে হয়েছে। আর এটা শুধু ভারত বা নির্দিষ্ট কিছু দেশের জন্য নয়, বিশ্বের সব দেশের জন্যই এ কথাটা সত্য” ।

উইম্বলডনের এক খেলা শেষে একটি সংবাদ সম্মেলনে ‘সন্তান কবে নিচ্ছেন’ এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সানিয়া মির্জাকে। সানিয়া মনে করেন এ ধরনের প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রত্যাশিত। কারো একান্ত ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা যে ভদ্রতা নয় এটা অনেক সাংবাদিকই জানেন না বলে মনে করেন সানিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.